স্পেনে বৃহস্পতিবার (১৩ মে) পালন করা হবে মুসলমানদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ইদুল ফিতর। মঙ্গলবার (১১ মে) সৌদি আরবের আকাশে চাঁদ দেখা না যাওয়ায় এবার ৩০টি রোজা পালন করা হবে। আর বৃহস্পতিবার ইদ উদযাপিত হবে সৌদিতেও।
পবিত্র রমজানসহ ইদুল ফিতর সৌদি আরবের সাথে মিল রেখেই পালন করা হয় স্পেনে। এদিন ইউরোপ, মধ্যপ্রাচ্য, আফ্রিকাসহ বেশ কয়টি দেশে পবিত্র ঈদুল ফিতর পালন করা হবে।
মহামারি করোনার মধ্যেই আবার এসেছে পবিত্র ঈদুল ফিতর। মাসব্যাপী সিয়াম সাধনার পর করোনা আতংকের মধ্যেই স্পেনে প্রায় ২১ লাখ মুসল্লি পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন।
স্পেন প্রশাসনের অনুমতি সাপেক্ষে দেশটির বিভিন্ন শহরের মসজিদগুলোতে সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক পড়ে অনুষ্ঠিত হবে ইদ জামাত। স্পেনের রাজধানী মাদ্রিদের বায়তুল মোকররাম বাংলাদেশ জামে মসজিদে ৫টি ইদের জামাত, শাহজালাল লতিফিয়া ফুলতলী জামে মসজিদে ৪টি ইদের জামাত,আল হুদা জামে মসজিদে ৩ টি ইদের জামাত এবং আল আমান জামে মসজিদ সান ক্রিস্টোবালে ৩টি ইদের জামাত অনুষ্ঠিত হবে।
এছাড়া বার্সেলোনায় শাহজালাল জামে ৩টি ইদের জামাত, বার্সেলোনা কেন্দ্রীয় জামে মসজিদে ৮টি ইদের জামাত, দারুল আমান জামে মসজিদে ৩টি ইদের জামাত, লতিফিয়া ফুলতলী জামে মসজিদে ৪টি ইদের জামাত এবং প্লাসা মারিনা কাস্তেলেস খোলা মাঠে ৩টি ইদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ।
স্পেনে ধীরে ধীরে করোনার প্রকোপ কমছে। দীর্ঘ ছয় মাস পর রবিবার (৯ মে) এ বিধিনিষেধ তুলে দেওয়া হয়। স্বাভাবিক হচ্ছে জীবন ও জীবিকা। করোনা পরিস্থিতি উন্নতি হতে থাকায় প্রায় ব্যবসা প্রতিষ্ঠানই খুলে দেওয়া হয়েছে।
স্পেনের বিভিন্ন শহরে প্রায় ৪০ হাজার বাংলাদেশির বসবাস। মহামারি করোনা আতংকের মধ্যে ভিন্ন আঙ্গিকে এবারও ঈদ উদযাপন করবেন স্পেনে বসবাসরত বাংলাদেশিরা। প্রাণঘাতী মহামারি করোনা দুর্যোগ কাটিয়ে সব স্বাভাবিক হবে এমনটাই প্রত্যাশা করছেন তারা।